সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ‘বাংলাদেশ ফার্স্ট’: শামা ওবায়েদ


সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ‘বাংলাদেশ ফার্স্ট’ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, দেশের মানুষের স্বার্থ ও সার্বভৌমত্ব সুরক্ষিত রেখেই বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ। পাকিস্তান, চীনসহ কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের শত্রুতা নেই। রবিবার (২৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
পরাজিত শক্তির রাজনৈতিক হম্বিতম্বিতে দেশের স্থিতিশীলতা নষ্ট হবে না উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ আবারও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। যারা গুম, খুন ও পাচারের সঙ্গে জড়িত, তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এরপর আইনের আওতায় তাদের বিচার হবে।
তিনি বলেন, যারা নিজের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে রেখে পালিয়ে গেছে, তারা কীভাবে দেশ স্বাধীন করবে? পলাতকদের হম্বিতম্বিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হবে না। রাজনৈতিক স্টান্টবাজি বন্ধ করতে হবে।
শামা ওবায়েদ বলেন, বিএনপি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। এই চেতনাকে কখনো বিক্রি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেনি দলটি। মুক্তিযুদ্ধকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার চেষ্টাও বিএনপি করে না। এমন কোনো রাজনৈতিক দল দেশে আসুক, তা আমরা চাই না, যারা ১৯৭১ সালকে ব্যবহার করে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করবে।
তিনি আরও বলেন, পাকিস্তান, চীনসহ বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে। কোনো দেশের সঙ্গে বাংলাদেশের শত্রুতা নেই। অনেক দেশ নিজেদের স্বার্থে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। আমরা আশা করি, ১৯৭১ সালের ভূমিকার জন্য পাকিস্তান অনুতপ্ত হবে।
গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ চুক্তিটি নবায়ন করতে চায়। এ বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। আশা করি, ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশের চিঠির জবাব দেবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ও হাদিকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সহযোগিতা করবে বলে বাংলাদেশ আশা করে।
মালদ্বীপের প্রধানমন্ত্রীর সফর বাতিলের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে সফরটি বাতিলের বিষয়টি তাদের পক্ষ থেকেই বাংলাদেশকে জানানো হয়েছে।





