লকডাউনের প্রভাব নেই ভোলায়, যান চলাচল ও জনজীবন স্বাভাবিক


ভোলা প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির প্রথম দিন আজ রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে দ্বীপ জেলা ভোলার জনজীবন ও যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
জেলার অভ্যন্তরীণ সড়ক ও নৌপথে নির্ধারিত সময় অনুযায়ী যানবাহন ও লঞ্চ চলাচল করতে দেখা গেছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই ভোলা সদরসহ বিভিন্ন উপজেলার হাট-বাজার, দোকানপাট এবং অফিস-আদালতে মানুষের স্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। লকডাউনকে কেন্দ্র করে জনমনে কোনো আতঙ্ক দেখা যায়নি; বরং নিত্যদিনের কর্মব্যস্ততায় মুখর রয়েছে শহর ও শহরতলির এলাকাগুলো।
এদিকে, কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও নাশকতা ঠেকাতে ভোর থেকেই জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং প্রবেশপথগুলোতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
অন্যদিকে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ভোলার বিএনপি নেতাকর্মীরাও মাঠে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন জেলা যুবদলের সাবেক সহসম্পাদক সম্রাট হাওলাদার।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।





