প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর উপলক্ষ্যে জনসভাস্থল পরিদর্শনে এসএসএফ


কুষ্টিয়া প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমন উপলক্ষে জনসভাস্থলসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান পরিদর্শন করেছে প্রশাসন ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন করেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা। এ সময় জনসভাস্থলের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে জনসভাস্থল ছাড়াও প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করা হচ্ছে।
এক বার্তায় জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমন উপলক্ষে আমরা দলীয় ভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। জনসভা সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কাজ করছেন। প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হবে।
জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, তারুণ্যের অহংকার দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমনকে কেন্দ্র করে আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। জনসভাস্থলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের মাধ্যমে প্রস্তুতির বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। সবার সহযোগিতায় সুশৃঙ্খলভাবে জনসভা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের নানা প্রত্যাশা ও উন্নয়নসংক্রান্ত দাবি রয়েছে। আগামী ২নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে এসব প্রত্যাশা পূরণের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আমরা আশাবাদী। তাঁর আগমন কুষ্টিয়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে।





