পঞ্চগড়

পঞ্চগড়ে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয়

মাহমুদ দোলন , পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে পাওয়া লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি প্রায় ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোম্ব ডিসপোজাল ইউনিট। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের মাঠে নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণের মাধ্যমে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। পরে এর ধ্বংসাবশেষ থেকে লোগোসংবলিত ৮ দফা দাবির একটি স্মারকলিপি পাওয়া যায়।

এসআরবির সদস্যরা জানিয়েছেন, বস্তুটি স্থানীয়ভাবে তৈরি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। তবে এটি তেমন ক্ষতিকর ছিল না। এসআরবি, নীলফামারী-১৩-এর সহকারী পুলিশ সুপার তৌহিদ বলেন, জেলা ও পুলিশ প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে তাঁরা একটি টহল দল পাঠান। পরে প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা দক্ষতার সঙ্গে বস্তুটি উদ্ধার করেন। এরপর বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করা হয়। এটি স্থানীয়ভাবে তৈরি আইইডি হলেও তেমন ক্ষতিকর কিছু ছিল না।

এই বিভাগের আরও সংবাদ

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, বৃহস্পতিবার ভোরের দিকে তাঁরা বোমা সদৃশ বস্তুটি দেখতে পান। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসার পর নিশ্চিত হওয়া যায়, এটি একটি ছোট বোমা। এর সঙ্গে পাওয়া চিঠিটি নিরাপত্তার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এতে গোপনীয় কিছু বিষয় থাকায় আপাতত প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে চাদরে জড়ানো একজন ব্যক্তিকে দেখা গেছে। তাঁকে শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে বৃহস্পতিবার ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের কর্মচারীরা লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ঘিরে রাখে। প্রায় ১৬ ঘণ্টা পর এসআরবির বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।

এই বিভাগের আরও সংবাদ