শেরপুর

শেরপুরে জাল কাবিননামা তৈরির মামলায় কথিত নিকাহ রেজিস্ট্রার কারাগারে

আরফান আলী, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে সরকারি বিবাহ ও তালাক নিবন্ধন বহি জাল ছাপিয়ে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগে দায়ের করা মামলায় কথিত নিকাহ রেজিস্ট্রার মো. রাফিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে শ্রীবরদী থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বুধবার (১৮ নভেম্বর) শেরপুরের আদালতে হাজির করা হলে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাফিউল ইসলাম শ্রীবরদী উপজেলার ৪ নম্বর তাতীহাটী ইউনিয়নের চককাউরিয়া গ্রামের মৃত হামিদুল ইসলামের ছেলে।

মামলার তথ্য অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম রাফিউল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সরকারি বিবাহ ও তালাক নিবন্ধন বহি জাল ছাপিয়ে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগে তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, শেরপুর পৌরসভার বাগরাকসা এলাকার বাসিন্দা দুই সন্তানের জনক আল-আমিন খান প্রতারণার মাধ্যমে অন্যের স্ত্রী ও দুই সন্তানের জননী এক নারীকে জাল কাবিননামার মাধ্যমে বিয়ে করেন। পরে ওই নারীকে জাল তালাকনামা দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং সিআর আমলি আদালতে মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), শেরপুর ও শেরপুর সদর থানা পুলিশ তদন্ত করে আদালতে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে আদালত আল-আমিন খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং কথিত নিকাহ রেজিস্ট্রার রাফিউল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, রাফিউল ইসলামের নিয়োগসংক্রান্ত প্যানেল জালিয়াতির অভিযোগেও প্রশাসনিক পর্যায়ে তদন্ত ও প্রতিবেদন দাখিলের তথ্য রয়েছে। শ্রীবরদী সাব-রেজিস্ট্রার ২০২৩ সালের ৯ নভেম্বর ৪২৮(৮) নম্বর স্মারকে জাল প্যানেল প্রস্তুতের বিষয়ে আইন মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করেন। এছাড়া জেলা রেজিস্ট্রার, শেরপুর তাঁর ব্যবহৃত বালাম বহি জব্দ করে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠান।

বর্তমানে ৪ নম্বর তাতীহাটী ইউনিয়নে বিবাহ ও তালাক নিবন্ধনের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ৬ নম্বর শ্রীবরদী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী আবু তাহের। তিনি ওই ইউনিয়নের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছেন।

এই বিভাগের আরও সংবাদ