ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ঘর বিধ্বস্ত, প্রাণ গেল তিন মাসের শিশুর


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় একটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। ঘরে থাকা তিন মাস বয়সী শিশু সন্তানের মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাক ও চালক তপু কুমার ঘোষকে (৩৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সোনামুখী এলাকায় পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীয় থানা সূত্রে জানা গেছে, দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনি থেকে পাথর নিয়ে ঢাকার উত্তরা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা মেট্রো-ট-১৩-৯১৮০ নম্বরের ট্রাকটি মোহাম্মদ মোহনের (২২) বাড়িতে ধাক্কা দেয়। এতে বাড়ির একটি শয়নকক্ষ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘরের ভেতরে থাকা মোহনের তিন মাস বয়সী সন্তান শাফি গুরুতর আহত হয়। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। চালক ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





