ঈশ্বরগঞ্জে সম্পত্তির বিরোধে মাকে নির্যাতনের, মৃত্যুর পর উধাও ছেলে ও পুত্রবধূ


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের মারধরের শিকার হয়ে মিনারা বেগম (৬৫) নামে এক মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহত মিনারা বেগম ঈশ্বরগঞ্জ পৌরশহরের কাকনহাটি গ্রামের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৃত শিহাব উদ্দিনের স্ত্রী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর পাঁচটার দিকে নিহতের ছোট ভাই আলআমিন ও মেয়ে শাহানারা বেগম (চায়না) তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহানারা বেগম (চায়না) জানান, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
এসব নিয়ে কামরুল ও তার স্ত্রী প্রায়ই মা’কে মারধর করতো। সোমবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায় মাকে মারধর করে ঘরের দরজায় শিকল ঝুলিয়ে দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে মা গুরুতর অসুস্থ হয়ে পরলে বিষয়টি মামাকে জানাই তিনি এসে আমাদের উদ্ধার করে মাকে হাসপাতালে নিয়ে যায়।
স্বজনেরা জানান, সোমবার রাত ১২টার দিকে মিনারা বেগমকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে মঙ্গলবার ভোর ৫টার দিকে অবস্থার অবনতি হলে ছোট ভাই আলআমিন ও মেয়ে শাহানারা বেগম চায়না তাঁকে আবারও হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে ছেলে কামরুল (৪০) ও তাঁর স্ত্রী নিলুফা বেগম (৩৫) আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালছে।





