ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে যে কোন অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আগামী ডিসেম্বর মাস’কে সামনে রেখে ভারতে পলাতক আসামিসহ যে কোনো ব্যক্তির অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন। সীমান্তে নজরদারি বাড়াতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসি ক্যামেরা ও থার্মাল ড্রোন ব্যবহার করা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে বিজিবির টহল কার্যক্রম পরিদর্শন শেষে এসব তথ্য জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবির কুমিল্লা সেক্টরের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ২৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আরও জানান, সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সীমান্তে দায়িত্ব পালন করছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মামলার পলাতক আসামিরা যাতে অবৈধভাবে দেশে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারে, সে জন্য প্রতিটি বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এ সময় বিজিবি অধিনায়ক সীমান্তে টহলরত সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।





