মুন্সিগঞ্জ

শ্রীনগরে জ্বিন তাড়ানোর নামে কিশোরীকে যৌন হয়রানি অভিযোগে ইমাম গ্রেফতার

আরিফুল ইসলাম শ্যামল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর (মুন্সীগঞ্জ) শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা রেজাউল বারীর বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৩ নভেম্বর (শুক্রবার) দুপুরে গ্রেফতার রেজাউল বারীকে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, কিশোরীর ওপর ‘জ্বিনের আছর’ হয়েছে সন্দেহে কয়েক দিন আগে তাঁরা ইমাম রেজাউল বারীর শরণাপন্ন হন। এ সময় তাঁর কাছ থেকে তাবিজ-কবজও নেন তাঁরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে কিশোরীকে নিয়ে তাঁর বাবা-মা শ্রীনগর বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ইমামের বাড়িতে যান। পরে একটি কক্ষে কিশোরীকে একা নিয়ে জ্বিন হাজির করার কথা বলে ঘরের সব আলো নিভিয়ে দেন ইমাম। এ সময় কিশোরীকে জোরপূর্বক যৌন নির্যাতনের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগীর জবানবন্দির ভিত্তিতে শ্রীনগর থানা-পুলিশ অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত রেজাউল বারীকে গ্রেফতার করে।

ভুক্তভোগীর স্বজনদের দাবি, রেজাউল বারী কয়েক বছর ধরেই জ্বিনের আছর কাটানোর নামে চিকিৎসা দিয়ে আসছেন। তাঁর বিরুদ্ধে আরও কেউ এমন নির্যাতনের শিকার হয়ে থাকতে পারেন। তবে সম্মানহানির ভয়ে অনেকে অভিযোগ করেননি বলে তাঁদের ধারণা।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন। অভিযুক্ত ইমামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতার রেজাউল বারী প্রায় ২৫ বছর ধরে শ্রীনগর বাজার জামে মসজিদে ইমামতি করছেন। ইমাম মাওলানা রেজাউল বারীর কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

এই বিভাগের আরও সংবাদ