জাতীয়

মোটরসাইকেলসহ চালকদের জন্য নতুন নির্দেশনা ও কঠোর বার্তা বিআরটিএর

রাজধানীসহ দেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করে চালকদের প্রতি কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষানবিশ চালকদের জন্য বিশেষ নির্দেশনা এবং মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশায় বড় ধরনের সংশোধনী আনা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিআরটিএর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
শিক্ষানবিশ চালকদের জন্য মানতে হবে যেসব নিয়ম

বিআরটিএ জানিয়েছে, শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় নির্দিষ্ট শর্ত সাপেক্ষে গাড়ি চালাতে পারবেন।

মোটরযান অধ্যাদেশ অনুযায়ী:

শিক্ষানবিশ চালকরা রাস্তায় গাড়ি নিয়ে বের হলে সামনের ও পেছনের অংশে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় হরফে ‘L’ চিহ্ন লিখে বা বোর্ড ঝুলিয়ে রাখতে হবে।

‘L’ (Learner) চিহ্নটি দেখে আশপাশের চালকরা সহজে বুঝতে পারবেন যে গাড়িটি একজন নতুন চালক চালাচ্ছেন। ফলে তারা প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে চলাচল করতে পারবেন।

মোটরসাইকেলের নম্বরপ্লেট বিধিমালার সংশোধন
বিভিন্ন মডেলের মোটরসাইকিলের সামনের অংশের নকশা ও কাঠামো ভিন্ন হওয়ায় এতদিন প্রচলিত আকারের নম্বরপ্লেট স্থাপন করা বেশ কঠিন ছিল। এই জটিলতা দূর করতে সরকার ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’-এ সংশোধন এনেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলামের স্বাক্ষরে ইতিমধ্যে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

সংশোধিত বিধিমালার প্রধান দিকগুলো
এক লাইনে নম্বর লেখার সুযোগ: মোটরসাইकेলের সামনের রেজিস্ট্রেশন নম্বর এখন প্রচলিত বিন্যাসের পাশাপাশি এক লাইনেও লেখার সুযোগ রাখা হয়েছে।

বিআরটিএর হাতে নমনীয়তা: মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের আকার, বিন্যাস, অক্ষরের উচ্চতা, হাইফেনের দৈর্ঘ্য এবং ফাঁকা জায়গা নির্ধারণের পূর্ণ ক্ষমতা বিআরটিএকে দেওয়া হয়েছে।

রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট: নম্বরপ্লেটে বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা রাতের বেলা বা দূর থেকেও যানবাহন শনাক্তকরণ সহজ করবে।

কেন এই পরিবর্তন?
সড়ক পরিবহন বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের সড়ক ও মহাসড়কে বর্তমানে মোটরসাইকেলের সংখ্যা বহুগুণ বেড়েছে। ট্রাফিক আইন প্রয়োগ, সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা ও অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন (ANPR) প্রযুক্তির ব্যবহার বাড়াতে সামনের নম্বরপ্লেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক প্রযুক্তির ক্যামেরার আওতায় মোটরসাইকেলগুলোকে সহজে আনতে এই যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

কোন ধরনের মোটরসাইকেলে ঠিক কী মাপে ও আকৃতিতে নম্বরপ্লেট বসবে, সে বিষয়ে বিআরটিএ খুব দ্রুতই বিস্তারিত নির্দেশনা প্রকাশ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ