পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩


মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ানুর দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। আহতরা হলেন- বোদা উপজেলার সাতখামার এলাকার সজ্জাদ হোসেন (২৩) ও জীবন ইসলাম (৩৫) এবং দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইয়ানুর ও তার ফুফাতো ভাই সাব্বির মোটরসাইকেলে করে দেবীগঞ্জ সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ধরধরা পুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করেন। পরবর্তীতে রংপুরে নেওয়ার পথে ইয়ানুরের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছিলেন। তাদের রংপুরে রেফার্ড করা হলে পথেই ইয়ানুর নামের এক যুবকের মৃত্যু হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।



