পঞ্চগড়ে দরিদ্র ও পথচারীদের জন্য ‘মেহমানখানা’র আহার চালু


মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা সংবাদদাতাঃ দূরদূরান্ত থেকে আসা দরিদ্র মুসাফির, ভিক্ষুক ও অসহায় পথচারীদের মুখে ভালো খাবার তুলে দিতে পঞ্চগড় শহরে চালু হয়েছে ‘মেহমানখানা’ নামের একটি ব্যতিক্রমী মানবিক কর্মসূচি। প্রতি শুক্রবার দুপুরে বিনা মূল্যে খাবার বিতরণের এই মহৎ উদ্যোগ নিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন পেশার একদল মানবিক মানুষ।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের পৌর সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এখন থেকে প্রতি শুক্রবার জুমার নামাজের পর সেখানে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।
উদ্যোক্তারা জানান, এই কর্মসূচির একটি বিশেষ দিক হলো-উদ্যোক্তাদের প্রত্যেকে বছরে মাত্র একদিন করে এর ব্যায়ভার ও পরিচালনার দায়িত্ব পালন করবেন। এভাবেই পর্যায়ক্রমে বছরের ৫২ সপ্তাহ অবিরাম চলবে ‘মেহমানখানা’র কার্যক্রম। প্রাথমিকভাবে ৫২ জন দাতার অংশগ্রহণে এই উদ্যোগ শুরু হয়েছে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানরা যুক্ত হলে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে বলে আশা করছেন তারা।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘দারিদ্র্য কল্যাণ সংস্থার’ সার্বিক ব্যবস্থাপনায় এই উদ্যোগ পরিচালিত হচ্ছে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিত্তবানদের এমন মানবিক কাজে উদ্বুদ্ধ করবে-এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক শাহজালাল, অবসরপ্রাপ্ত টিঅ্যান্ডটি কর্মকর্তা হেজারুল প্রধান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ খান ও আনিসুর রহমান, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মাইনুল হক, আফরোজা বেগম, তবিরুল ইসলাম মানিক ও হারুন অর রশিদসহ কর্মসূচির অন্যান্য উদ্যোক্তাগণ।



