মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিনোদপুর বাজারের মিতা স্টোরে বিভিন্ন ধরনের মোড়কজাত খাবার বিক্রির সময় মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জাহান শরীফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর কমলাঘাট খাদ্য গোডাউন এলাকায় জসিম মাঠায় অভিযান চালানো হয়। সেখানে মাঠার বোতলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার পাশাপাশি ফিরনি তৈরিতে নন-ফুডগ্রেড রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ জসিমকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, দেওভোগ বাজারের রাইয়ান আয়ান স্যানিটারি স্টোরে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। সেখানে প্রতি সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকা করে বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে দোকানটির মালিক মুরাদ ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল সহযোগিতা করে।

এই বিভাগের আরও সংবাদ