রাজধানী

রাজধানী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

রাজধানী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।

৩রা সেপ্টেম্বর, শনিবার সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় বিদ্যালয়ের সামনের প্রাচীর বর্ধিতকরণ, শিক্ষার্থীদের ক্যান্টিন, মসজিদের আধুনিকায়ন এবং শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন বলেন, “একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই তাদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; একই সঙ্গে নৈতিকতা, সততা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, “শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এ দায়িত্ব শুধু বিদ্যালয় কর্তৃপক্ষ বা শিক্ষকদের একার নয়; অভিভাবক, স্থানীয় জনগণ এবং সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষক-অভিভাবকের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় থাকলে শিক্ষার্থীদের অনেক সমস্যা সহজেই সমাধান করা সম্ভব।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহার, খেলাধুলা, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে মাদক, কিশোর গ্যাং, অনলাইন আসক্তি এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রশংসা করে সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার পরিবেশকে আরও সুন্দর ও কার্যকর করে। আজ যে উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন করা হলো, তা শিক্ষার্থীদের শিক্ষা ও দৈনন্দিন সুযোগ-সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি বলেন, “আমি চাই রাজধানী উচ্চ বিদ্যালয় শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং আদর্শ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক তৈরির ক্ষেত্রেও একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক। এ প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজধানী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রইস উদ্দিন আহম্মেদ। বক্তব্য রাখেন রাজধানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস, শের-ই-বাংলা নগর থানা দক্ষিণ জামায়াতের আমীর আবু সাঈদ মন্ডল, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

এই বিভাগের আরও সংবাদ