ক্যাম্পাস

জাঁকজমকপূর্ণ আয়োজনে জবিতে ছাত্রদলের নবীন বরণ অনুষ্ঠিত

জবি প্রতিবেদক, রাফীদ আদ দ্বীন রাঈম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ২১তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন সংলগ্ন মাঠে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রায় ২ হাজার ১০০ জন নিবন্ধিত নবীন শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, এমপি। বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে মেধা, জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “দেশের তরুণ প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু পাঠ্যবিষয় আত্মস্থ করার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী দক্ষতা অর্জন, উদ্ভাবন ও কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবটিক্স, ন্যানোটেকনোলজি ও আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতার গুরুত্ব ক্রমেই বাড়ছে।”

তিনি আরও বলেন, “শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীদের শিক্ষা ও কর্মজীবনের প্রস্তুতি একই সঙ্গে এগিয়ে যায়। বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মানবসম্পদ উল্লেখ করে তিনি বলেন, যথাযথ শিক্ষা ও দক্ষতায় গড়ে তুলতে পারলে তরুণরা দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি বৈশ্বিক পর্যায়েও নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারবে।”

নবীনদের উদ্দেশে ড. মিলন বলেন, “নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে। শৃঙ্খলা, দেশপ্রেম, মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের উৎকৃষ্ট মানবসম্পদ হিসেবে প্রস্তুত করার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সংস্কৃতি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, “প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসার ঘটানোর পাশাপাশি শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করা প্রয়োজন।” আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করবে উল্লেখ করে তিনি একটি সমৃদ্ধ, দক্ষ ও উন্নত বাংলাদেশ গড়তে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অনিসুর রহমান তালুকদার খোকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব।

অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জবির সাবেক শিক্ষার্থী অনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো কাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব সময় তাদের পাশে থাকবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আগামী দিনের বাংলাদেশ তাদের হাতেই গড়ে উঠবে।” তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

উপাচার্য বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের স্লোগান থাকলেও দেশের স্বার্থই সবার আগে হওয়া উচিত।” এ প্রসঙ্গে তিনি “দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ” স্লোগানটি উল্লেখ করেন।

জবি উপাচার্য আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে নানা ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। এসব সমস্যা সমাধানে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে তিনি প্রত্যাশা করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়ে কেউ যেন ‘ক্রেডিট রাজনীতি’ না করেন, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।”

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন ছাত্রদলের প্রতিষ্ঠা ও সংগঠনের নেতৃত্বের প্রসঙ্গ তুলে ধরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, দূরদর্শিতা ও ব্যক্তিত্বের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “দেশ ও গণতন্ত্রের প্রতি দায়িত্বশীলতা এবং নেতৃত্বের গুণাবলি থেকে শিক্ষার্থীদের শিক্ষা নেওয়া উচিত।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে জ্ঞান, দক্ষতা ও নেতৃত্ব বিকাশের সুযোগ হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষাজীবনের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামছুল আরেফিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও উৎসাহিত করতে অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ