তিন ম্যাচ খেলেও জয়শূন্য পিএসজি


ফরাসি লিগ ওয়ানে যেন জয় পেতেই ভুলে গেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নতুন মৌসুমে টানা তিন ম্যাচেও জয়ের দেখা পায়নি লুইস এনরিকের দল। এবার নিজেদের মাঠ পার্ক দে প্রাঁসে এগিয়ে থেকেও ২-১ গোলে মোনাকোর কাছে হেরে গেছে তারা।
ম্যাচের ৩১তম মিনিটে অধিনায়ক মার্কিনিয়োসের হেডে গোল করে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে আধিপত্য বিস্তার করলেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। অন্যদিকে বিরতির আগে লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি মোনাকো।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ৫৮তম মিনিটে জর্ডান তেজের ক্রস থেকে ফ্লাভিও নাজিনিও হেডে গোল করে সমতা ফেরান। এরপর ৭২তম মিনিটে স্তানিস ইদুম্বোর জোরালো শটে এগিয়ে যায় মোনাকো। গোলরক্ষক মাতভেই সাফোনভকে পরাস্ত করে করা সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
ফলে ২০২১ সালের মার্চের পর প্রথমবারের মতো বিরতির সময় এগিয়ে থেকেও ম্যাচ হারল পিএসজি। সেবার নঁতের বিপক্ষেও একই অভিজ্ঞতা হয়েছিল তাদের।
এই জয়ে শতভাগ সাফল্য ধরে রেখে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে মোনাকো। অন্যদিকে টানা হতাশাজনক ফলের কারণে ১২ নম্বরে নেমে গেছে চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি।



