ফুটবল

বিশ্বকাপ ফাইনাল হেরে সমালোচকদের কড়া জবাব দিলেন ডি পল

সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের একদিন পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে না পারার হতাশা প্রকাশ করলেও তিনি বলেন, এই পরাজয় দলকে আরও ঐক্যবদ্ধ করেছে। প্রতিবেদন এনডিটিভির।

নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরুর একাদশে ছিলেন ডি পল। তিনি ৭০ মিনিট মাঠে থাকার পর বদলি হিসেবে জায়গা ছেড়ে দেন হুলিয়ানো সিমেওনের কাছে।

ইনস্টাগ্রামে দেয়া এক দীর্ঘ পোস্টে ডি পল লিখেছেন, ‘সবচেয়ে বড় কষ্ট হচ্ছে, আমরা বিশ্বকাপটি আবার আমাদের দেশের মানুষের কাছে ফিরিয়ে দিতে পারিনি। কারণ, এই আনন্দ আরেকবার অনুভব করার সবচেয়ে বেশি যোগ্য ছিল আমাদের সমর্থকেরাই। তবে সময়ের সঙ্গে বুঝতে পারছি, এই দলের সঙ্গে আপনাদের সম্পর্ক শুধু একটি ট্রফির মধ্যে সীমাবদ্ধ নয়। এই কঠিন সময়ে সেটিই আমাকে শক্তি জোগাচ্ছে।’

এ সময় সমালোচকদেরও একহাত নেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। তার দাবি, পুরো টুর্নামেন্টজুড়েই অনেকেই আর্জেন্টিনার পরাজয়ের অপেক্ষায় ছিলেন এবং নানা ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দলের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন।

কথার বোমা ফাটিয়ে ডি পল বলেন, ‘আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল। পুরো বিশ্বকাপজুড়ে তারা ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়িয়েছে, কারণ তারা আর্জেন্টাইনদের মতো সেই আনন্দ অনুভব করতে পারেনি। আমাদের হাসি তাদের বিরক্ত করে, আমাদের পরিচয় তাদের অস্বস্তিতে ফেলে। কিন্তু এসবই প্রমাণ করেছে, জার্সির প্রতি আমাদের ভালোবাসা ও আবেগ সব বাধা অতিক্রম করতে পারে।’

হারের বেদনা দীর্ঘদিন তাড়া করে ফিরবে বলেও স্বীকার করেছেন তিনি। তবে এই মুহূর্তে নিজেকে আর্জেন্টাইন হিসেবে আরও বেশি গর্বিত মনে করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘এই কষ্ট অনেক দিন থাকবে। কিন্তু আজ, আগের যেকোনো সময়ের চেয়ে আমি আর্জেন্টাইন হতে পেরে আরও বেশি গর্বিত।’

পুরো বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার পক্ষে ফিফা পক্ষপাত দেখিয়েছে; এমন অভিযোগ উঠেছিল বিভিন্ন বিতর্কিত রেফারিং সিদ্ধান্তকে কেন্দ্র করে। তবে ফাইনালে সেই অভিযোগের কোনো প্রতিফলন দেখা যায়নি। স্পেনের বিপক্ষে পুরো ম্যাচে একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি আর্জেন্টিনা।

অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন স্পেনের ফেররান তোরেস। তার একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

এই বিভাগের আরও সংবাদ