খুলনা

ট্রাফিক পুলিশের ৩১ সদস্যকে সম্মাননা দিলেন কেএমপি কমিশনার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ট্রাফিক বিভাগে প্রশংসনীয় ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ৩১ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কার দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায়ও ট্রাফিক পুলিশের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সন্দেহজনক মিছিল, মোটরসাইকেল র‍্যালি, অপরাধমূলক কর্মকাণ্ড বা যেকোনো জরুরি ঘটনা দ্রুত কন্ট্রোল রুম বা বেতার যোগাযোগের মাধ্যমে জানানোর নির্দেশ দেন তিনি।

পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, ব্যক্তিগত উদ্যোগে ১২ হাজারের বেশি গাছের চারা সংগ্রহ করা হয়েছে। এসব চারা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও উপযুক্ত স্থানে রোপণ করা হবে। একই সঙ্গে পুলিশ সদস্যদের নিজ নিজ বাড়ি, অফিস ও কর্মস্থলে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

পরে গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য একজন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), পাঁচজন সার্জেন্ট/টিএসআই, পাঁচজন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। ভবিষ্যতেও ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ ধরনের পুরস্কার প্রদান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ কমিশনার।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ