ফুটবল

মেসিদের শেষ আটে ওঠার লড়াই আজ

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচে মঙ্গলবার (৭ জুলাই) মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি মিশর। বাংলাদেশ সময় আজ (৭ জুলাই) রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়া দুই দলই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। আর্জেন্টিনা শেষ ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে উঠে এসেছে মিশর।

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা আরেকটি বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে। তবে নকআউট পর্বে কোনো ভুলের সুযোগ নেই। এক ম্যাচের এই লড়াইয়ে হারলেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ অভিযান। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে লিওনেল স্ক্যালোনির দল।

অন্যদিকে, মিশরও আত্মবিশ্বাসী। শক্তিশালী প্রতিপক্ষকে চমকে দিয়ে শেষ আটে জায়গা করে নেয়ার লক্ষ্য তাদের। রক্ষণে দৃঢ়তা ধরে রেখে পাল্টা আক্রমণের কৌশলেই এগোতে পারে আফ্রিকার দলটি।

যেভাবে দেখবেন ম্যাচটি
বাংলাদেশে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সময় সংবাদ এবং টি স্পোর্টস। এছাড়া মোবাইল ফোন, ট্যাব বা কম্পিউটার থেকে খেলা দেখতে চাইলে অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা অ্যাপ ব্যবহার করা যাবে।
জয়ী দল আগামী ১১ জুলাই কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

এই বিভাগের আরও সংবাদ