স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আশা স্কালোনির


বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে পারলে তিনি খুশিই হবেন। তবে সেই সম্ভাবনা নিয়ে এখনই ভাবার সময় আসেনি, কারণ দুই দলের সামনেই এখনও অনেক কঠিন পথ বাকি।
মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে মিসরের মুখোমুখি হওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নানা বিষয় নিয়ে কথা বলেন স্কালোনি।
স্কালোনি বলেন, ‘কোনো দলকে কীভাবে শিরোপার প্রধান দাবিদার বলা যায়, সেটি বলা কঠিন। তবে স্পেন পাঁচটি ম্যাচে ধীরে ধীরে নিজেদের আরও শক্তিশালী করে তুলেছে। এই বিশ্বকাপ খুবই কঠিন। দীর্ঘ ভ্রমণ, গরম আবহাওয়া, মাঠের অবস্থা এবং বলের গতি—সব মিলিয়ে অনেক বিষয় খেলায় প্রভাব ফেলছে।’
তিনি আরও বলেন, ‘এটি সাধারণ কোনো বিশ্বকাপ নয়। কোনো দলই এখন পর্যন্ত অন্যদের থেকে অনেক এগিয়ে যেতে পারেনি। স্পেনের বিপক্ষে ফাইনাল খেলতে পারলে আমি অবশ্যই রাজি। কিন্তু সেই পথে এখনও অনেক দূর যেতে হবে। আমাদের এবং তাদের—দুই দলেরই সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে।’
স্কালোনির মতে, এবারের বিশ্বকাপ সব দলের জন্যই সমান কঠিন। তিনি বলেন, ‘কয়েক দিন আগে ফ্রান্সকে খুব ভয়ংকর দল মনে হচ্ছিল। এখনও তারা শক্তিশালী, কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে তারাও ভুগেছে। আগের বিশ্বকাপগুলোর তুলনায় এবার পরিস্থিতি ভিন্ন। যেসব খেলোয়াড় সারা বছর অনেক ম্যাচ খেলেছে, তারা ক্লান্তির প্রভাব অনুভব করছে। তাই আমরা পরিচিত মানের ফুটবল দেখতে পাচ্ছি না। যাদের শিরোপার দাবিদার ধরা হচ্ছিল, তারাও প্রত্যাশামতো খেলতে পারেনি। এখন পর্যন্ত কোনো দলই পূর্ণাঙ্গ আধিপত্য দেখাতে পারেনি।’
দলের প্রথম একাদশ ঠিক করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি একাদশ ঠিক করেছি। তবে এখনও খেলোয়াড়দের জানাইনি।’
ব্রাজিলের বিদায় নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা অনুশীলনের ফাঁকে ম্যাচের কিছু অংশ দেখেছি। তবে ঝড়ের কারণে অনুশীলন বন্ধ করতে হয়েছিল। নরওয়ে খুব ভালো দল। ব্রাজিল যেভাবে বিদায় নিয়েছে, একই ঘটনা আমাদের সঙ্গেও ঘটতে পারত। তাই আমরা সতর্ক আছি। মিসরও খুব ভালো প্রতিপক্ষ।’
নিজেদের খেলার ধরন নিয়ে স্কালোনি বলেন, ‘বহু বছর ধরেই এই দলটি শিরোপার দাবিদার হিসেবে খেলছে এবং ভালো ফুটবল উপহার দিচ্ছে। তবে সব সময় পরিকল্পনামতো খেলা সম্ভব হয় না। তখন জয়ের অন্য পথ খুঁজতে হয়—দৃঢ়তা, তীব্রতা, সাহস এবং মানসিক শক্তির মাধ্যমে।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই আমরা আরও ভালো খেলতে পারি। কিন্তু যখন ভালো খেলা সম্ভব হয় না, তখন চরিত্র দেখাতে হয়। আমরা কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি বারবার বিশ্লেষণ করেছি। সেখানে আর্জেন্টিনাই খেলায় প্রাধান্য বিস্তার করেছিল এবং বল পুনরুদ্ধারের চেষ্টা করেছে। কখনও কখনও কৌশলের চেয়ে মানসিক দৃঢ়তাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’
লিওনেল মেসিকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘লিও ভালো আছে, সে খেলবে। আগের ম্যাচে ১২০ মিনিট খেলেও সে কখনও বলেনি যে ক্লান্ত। মিসর খুব ভালো দল। তাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে এবং দীর্ঘদিন ধরে একই কোচের অধীনে খেলছে। তাদের খেলার ধরন পরিষ্কার এবং তারা সব প্রতিপক্ষকেই কঠিন লড়াইয়ে ফেলেছে। আমাদের বিপক্ষেও সেটাই করবে।’
দলের উন্নতির দিক নিয়ে স্কালোনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু ম্যাচ নিয়ন্ত্রণ করা নয়, প্রতিআক্রমণের সুযোগও কমিয়ে আনা। কেপ ভার্দে দুই-তিনবার আমাদের রক্ষণ ভেঙে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছিল। আমরা এমন একটি দল, যারা বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেই রক্ষণ সামলাতে চায়।’
মিসরের তারকা মোহাম্মদ সালাহ সম্পর্কে স্কালোনি বলেন, ‘তিনি অসাধারণ একজন খেলোয়াড়। তার বিপক্ষে খেলতে পারাটা আনন্দের। তবে আমরা শুধু একজন খেলোয়াড়কে নয়, পুরো দলকে বিশ্লেষণ করি। মিসর আক্রমণাত্মক দল এবং তারা আমাদের বিপক্ষে ভিন্ন পরিকল্পনা নিয়ে আসতে পারে। আমরা সবকিছুর জন্য প্রস্তুত।’
তিনি বলেন, ‘গতকাল আমরা মিসরকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাদের বিপক্ষে কীভাবে খেলতে চাই, সেটিও খেলোয়াড়দের বুঝিয়ে বলা হয়েছে। তবে যাই হোক, আমরা নিজেদের খেলার পরিচয় হারাতে চাই না।’
খেলোয়াড়দের বিশ্রাম প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘এটি শুধু আর্জেন্টিনার বিষয় নয়। আমি একজন কোচ হিসেবে বলছি, টুর্নামেন্ট যত শেষের দিকে যায়, বিশ্রামের প্রয়োজন তত বাড়ে। আমরা মিয়ামির গরমে খেলেছি, আবার এবার দুপুরে খেলতে হবে। তবে যেহেতু পরের ম্যাচটি ছাদ-ঢাকা স্টেডিয়ামে হবে, তাই এ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।’
তিনি বলেন, ‘দুই দলই ১২০ মিনিটের ম্যাচ খেলেছে। তবে আমাদের দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে, যারা কম সময় খেলেছে। ফলে আমরা তুলনামূলক সতেজ দল নামাতে পারব।’
একই সঙ্গে তিনি বলেন, ‘একটি ম্যাচেই আমরা প্রয়োজনে ভিন্ন ভিন্ন কৌশলে খেলতে পারি। আগামীকালের দলটিও আমাদের পরিচিত খেলার ধরন বজায় রাখবে।’
মাঝমাঠের খেলোয়াড় লিয়ান্দ্রো পারেদেসকে নিয়ে স্কালোনি বলেন, ‘সে খেলার জন্য প্রস্তুত। আমরা খুব ভালোভাবেই জানি, সে দলকে কী দিতে পারে। মাঠে থাকলে দলের খেলার ছন্দ বদলে যায়।’
তিনি আরও বলেন, ‘আলেক্সিসও দারুণ খেলছে এবং নিজের স্বাভাবিক অবস্থানের বাইরে খেলেও অনেক পরিশ্রম করেছে। তবে বল যখন লিয়ান্দ্রোর পায়ে থাকে, তখন দল আরও স্বস্তি অনুভব করে। কারণ সে সামনে দ্রুত ও নিখুঁত পাস দিতে পারে। আমাদের জন্য সে এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’



