নগর কৃষিতে হাইড্রোপনিক্সের সম্ভাবনা নিয়ে খুলনায় সংলাপ


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : দ্রুত নগরায়ন, জলবায়ু পরিবর্তন, কৃষিজমির সংকোচন ও খাদ্য নিরাপত্তার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি প্রযুক্তির প্রসারে খুলনায় ‘নগরায়নে হাইড্রোপনিক্স চাষাবাদের সম্ভাবনা, নারী ক্ষমতায়নে হাইড্রোপনিক্সভিত্তিক বাজারজাতকরণ এবং খুলনা অঞ্চলে ভাসমান চাষাবাদের ভবিষ্যৎ’ শীর্ষক একটি রেজিলিয়েন্ট কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন শনিবার খুলনা প্রেসক্লাবের সেমিনার কক্ষে অনুষ্ঠিত উক্ত সংলাপের আয়োজন করে আপস যুব সংগঠন। দ্য আর্থ সোসাইটির সহযোগিতায় গ্রীন ভয়েস প্রকল্পের আওতায় বাস্তবায়িত ইকোফ্লট এগ্রো টেক প্রকল্পের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা। বিশেষ অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান এবং প্রকৌশলী সাইফুল্লাহ হক তানভির। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপস যুব সংগঠনের প্রধান উপদেষ্টা শাহ্ জিয়াউর রহমান স্বাধীন এবং দ্য আর্থ সোসাইটির প্রতিনিধি তাসনীয়া কবীর।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও সংলাপ পরিচালনা করেন আপস যুব সংগঠনের নির্বাহী প্রধান মো. রেদওয়ানুল ইসলাম রুহান। তিনি নগর কৃষিতে হাইড্রোপনিক্স প্রযুক্তির সম্ভাবনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভাসমান চাষাবাদের কার্যকারিতা, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার বিকাশে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও স্থানীয় পর্যায়ের অংশীদারত্বের গুরুত্বের ওপর জোর দেন।
প্রধান অতিথির বক্তব্যে সুরাইয়া সিদ্দীকা বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর কৃষি উদ্যোগ সম্প্রসারণের বিকল্প নেই। তাঁর মতে, হাইড্রোপনিক্স ও ভাসমান চাষাবাদ নারীদের জন্য নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির সুযোগ তৈরি করতে পারে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
ডা. মো. হাফিজুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় সীমিত জায়গায় অধিক উৎপাদনের জন্য হাইড্রোপনিক্স একটি কার্যকর ও সময়োপযোগী প্রযুক্তি। গবেষণা, প্রশিক্ষণ এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এ খাত আরও সম্প্রসারণ করা সম্ভব।
প্রকৌশলী সাইফুল্লাহ হক তানভির প্রযুক্তি, উদ্ভাবন ও তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। শাহ্ জিয়াউর রহমান স্বাধীন বলেন, ইকোফ্লট এগ্রো টেক প্রকল্পের মাধ্যমে টেকসই কৃষি, যুব নেতৃত্বের বিকাশ এবং জলবায়ু সহনশীল কমিউনিটি গড়ে তুলতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হবে।
সংলাপে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী উদ্যোক্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কৃষি উদ্যোক্তা এবং বিপুলসংখ্যক তরুণ-তরুণী অংশ নেন। আলোচনায় জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, নারী উদ্যোক্তা সৃষ্টি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী কৃষি উদ্যোগকে আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন সুপারিশ উঠে আসে।
আয়োজকেরা জানান, ইকোফ্লট এগ্রো টেক প্রকল্পের মাধ্যমে খুলনা অঞ্চলে হাইড্রোপনিক্স ও ভাসমান কৃষি প্রযুক্তির প্রসার, যুব ও নারীদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও জীবিকায় ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।#



