কটিয়াদীতে ৩ হাজার ৫৬০ কৃষক পেলেন আমন বীজ ও সার


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে আমন ধান ও গ্রীষ্মকালীন সবজি চাষে উৎসাহিত করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ প্রণোদনা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরকারি এ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৫৬০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি রোপা আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়া গ্রীষ্মকালীন সবজি, মরিচ বীজ ও লেবুর চারাও বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জালাল উদ্দিন বলেন, বর্তমান সরকারের এই কৃষি প্রণোদনা ক্ষুদ্র কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আমনের বাম্পার ফলনে সহায়তা করবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



