ক্যাম্পাস

জবি ক্যাফেটেরিয়ায় খাদ্যে ভর্তুকির জন্য মাসে ৩ লাখ টাকা বরাদ্দ চেয়ে জকসুর আবেদন

রাফীদ আদ দ্বীন রাঈম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিত করতে মাসিক ৩ লাখ টাকার খাদ্য ভর্তুকি চালুর প্রস্তাব দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের আবেদন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইস উদ্দিনের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) উপাচার্যের কাছে জমা দেওয়া আবেদনপত্র ও প্রস্তাবনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একমাত্র কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থীর খাবারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে স্বল্পমূল্যে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার সরবরাহ করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এর ফলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করাও চ্যালেঞ্জের মুখে পড়েছে।

জকসুর তৃতীয় কার্যনির্বাহী সভায় ক্যাফেটেরিয়ায় খাদ্য ভর্তুকি চালুর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্তের আলোকে ২০২৬-২৭ অর্থবছর থেকেই ভর্তুকি কার্যকর করতে প্রশাসনের কাছে মাসিক ৩ লাখ টাকা বরাদ্দের আবেদন জানানো হয়েছে।

প্রস্তাবনা অনুযায়ী, প্রতি মাসে ৩ লাখ টাকার মধ্যে চাল ক্রয়ে ২ লাখ টাকা এবং ডাল ও ভোজ্যতেল ক্রয়ে ৫০ হাজার টাকা করে ব্যয় করা হবে। ভর্তুকির অর্থ কেবল এসব খাদ্যসামগ্রী ক্রয়ের ক্ষেত্রেই ব্যবহার করা হবে।

এতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ভর্তুকিযুক্ত খাবার পরিবেশন করা হবে। এর ফলে শিক্ষার্থীরা তুলনামূলক কম খরচে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার গ্রহণের সুযোগ পাবেন, যা তাদের আর্থিক চাপ কমানোর পাশাপাশি শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় প্রতিদিন শুধু ভাত রান্নার জন্যই প্রায় ৫০ কেজি চাল প্রয়োজন হয়। এছাড়া বিরিয়ানি, খিচুড়িসহ বিভিন্ন খাবার প্রস্তুতের জন্য অতিরিক্ত চাল, ডাল ও ভোজ্যতেলের প্রয়োজন পড়ে। বর্তমান বাজারদরে এসব ব্যয় বহন করা ক্যাফেটেরিয়ার জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ভর্তুকির অর্থের ব্যবহার, মাসিক ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থারও প্রস্তাব করা হয়েছে।

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের স্বাক্ষরিত আবেদনপত্রে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে প্রস্তাবটি দ্রুত অনুমোদনের আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা স্বল্পমূল্যে মানসম্মত খাবার পাবেন, ক্যাফেটেরিয়ার সেবার মান উন্নত হবে এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকল্যাণে নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ