নীলফামারী

নীলফামারীতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে জামায়াতের যুব বিভাগের বর্ণাঢ্য র‍্যালি

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকদ্রব্য বিরোধী দিবস উপলক্ষে নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১১টার দিকে জেলা শহরের আল-হেলাল একাডেমি প্রাঙ্গণে অবস্থিত জেলা কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়। পরে শহরের চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে প্রধান সড়ক হয়ে বড় বাজার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ যুবকদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

নীলফামারী জেলা শাখার যুব বিভাগের সভাপতি কাজী আব্দুল মালেক শাহর সভাপতিত্বে এবং সদর উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি আহমেদ রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন নীলফামারী শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সেলিম উদ্দিন।

বক্তারা বলেন, ‘মাদক বর্তমান যুবসমাজকে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যাচ্ছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হলে শুধু প্রশাসন নয়, সর্বস্তরের জনগণকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর দিক তুলে ধরে সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের নীলফামারী সদর উপজেলা শাখার আমির মাওলানা আবু হানিফা শাহ, ছাত্রশিবিরের নীলফামারী শহর শাখার সাবেক সভাপতি মো. মাজেদুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ