কুড়িগ্রামের উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মাণ কাজ শুরুর দাবীতে মানববন্ধন


কুড়িগ্রাম প্রতিনিধিঃ একনেক কর্তৃক অনুমোদিত কুড়িগ্রামের উলিপুর শহরের যানজট নিরসনে বিকল্প বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে উলিপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিঞা, জেলা জামায়াতের সেক্রেটারী মাও. নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির অ্যাড. কামাল কবির লিটন, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু, শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, যানজট নিরসনে সরকারের পক্ষ থেকে পৌরসভার ‘হ্যালিপ্যাড থেকে আমিন মোড়’ পর্যন্ত ৬৮ কোটি ২৫ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে ৩ দশমিক ২ কি.মি বাইপাস সড়ক নির্মানের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়। যা একনেক কর্তৃক অনুমোদন করা হয়েছে।
এদিকে পৌর শহরে তীব্র যানজটের কারণে জরুরী মহুর্তে এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসকে দাঁড়িয়ে থাকতে হয়। এছাড়াও কুড়িগ্রাম থেকে চিলমারী বন্দর ও মাওলানা ভাষানী সেতুর সাথে দ্রুত যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে এই সড়কটি। কিন্তু শহরের মাঝ দিয়ে অবস্থিত এই সড়কটিতে প্রতিনিয়ত যানজটের কারনে ব্যাঘাত হচ্ছে যাতায়াত ব্যবস্থা। বিকল্প বাইপাস সড়কটি নির্মান করা হলে মানুষের দূর্ভোগ থাকবে না বলে বক্তারা জানান।
অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র তারিক আবুল আলা চৌধুরী বলেন, কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের অবহেলার কারণে থমকে গেছে বাইপাস সড়ক উন্নয়নের কাজ।
এ ব্যাপারে মুঠোফোনে কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, উলিপুরের বাইপাস সড়ক নির্মানের বিষয়টি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নজরে রয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে এবং বাইপাস সড়কের কাজ শুরু হবে।



