খুলনা

জাতীয় নগর নীতি-২০২৫ বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান কেসিসি প্রশাসকের

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : বাংলাদেশের টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর উন্নয়ন নিশ্চিত করতে প্রণীত জাতীয় নগর নীতি-২০২৫ বাস্তবায়নে জাতীয় ও স্থানীয় পর্যায়ের সকল অংশীজনের সমন্বিত ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন নজরুল ইসলাম মঞ্জু।

২৩ জুন মঙ্গলবার সকালে খুলনার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় নগর নীতি-২০২৫: শহর পর্যায়ের অবহিতকরণ’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং United Nations Development Programme (ইউএনডিপি)-এর কারিগরি সহায়তায় কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে দ্রুত নগরায়নের গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করছে। এ নগরায়ন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করলেও আবাসন, অবকাঠামো, পরিবেশ, নগর সেবা ও সামাজিক বৈষম্যের ওপর নতুন চাপ সৃষ্টি করছে। এ প্রেক্ষাপটে জাতীয় নগর নীতি-২০২৫ একটি সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ, যা নগর উন্নয়নকে আরও পরিকল্পিত, টেকসই ও জনগণকেন্দ্রিক করতে সহায়ক হবে।

খুলনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, খুলনা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র হওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা একটি সংবেদনশীল নগরী। জলাবদ্ধতা, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, অনিয়ন্ত্রিত নগরায়ন ও নগর দারিদ্র্যের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও টেকসই নগর পরিকল্পনার বিকল্প নেই।

কর্মশালায় জাতীয় ও আন্তর্জাতিক নগর উন্নয়ন বিশেষজ্ঞরা জাতীয় নগর নীতির লক্ষ্য, কৌশল ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার এবং শহরভিত্তিক অগ্রাধিকার কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকৃতি-ভিত্তিক সমাধান ও স্থানীয়ভাবে পরিচালিত উন্নয়ন পদ্ধতির প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবিএম ফিরোজ আহমেদ, মশিউজ্জামান খান, ড. মো. জাকির হোসেন এবং ড. মোরশেদ মনজুর। স্বাগত বক্তব্য দেন আনোয়ারুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. শাকিল আখতার এবং নগর নীতিমালার সারসংক্ষেপ তুলে ধরেন এস. এম. আবদুল্লাহ আল মাসুম।

বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় নগর নীতি-২০২৫ বাস্তবায়নের মাধ্যমে দেশের নগর ব্যবস্থাপনা আরও কার্যকর, সমন্বিত ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।

এই বিভাগের আরও সংবাদ