ঈশ্বরগঞ্জে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি সুদৃঢ়করণে সংলাপ


মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ বহুধর্ম, মত ও সংস্কৃতির দেশ। এ দেশের দীর্ঘদিনের ঐতিহ্য পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিভেদ ভুলে পারস্পরিক আস্থা, সংলাপ ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি।
‘বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা এবং সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে ঈশ্বরগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। এতে সার্বিক সহায়তা প্রদান করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
পিএফজির সমন্বয়কারী ও দৈনিক ইত্তেফাকের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং পিস অ্যাম্বাসেডর নীলকণ্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাঠ সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, গুজব, বিদ্বেষমূলক বক্তব্য, উসকানি ও সহিংসতা সামাজিক সম্প্রীতির জন্য বড় ধরনের হুমকি। এসব প্রতিরোধে তরুণ সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত উদ্যোগে শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, শান্তি বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। রাজনৈতিক নেতৃবৃন্দকেও তাদের অবস্থান থেকে সহনশীলতার পরিচয় দিতে হবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁঞা মনি ও যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. আতিকুর রাজ্জাক ভুঁঞা হীরা তাদের বক্তব্যে সব ভেদাভেদ ভুলে একটি শান্তিপূর্ণ ঈশ্বরগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদরাসার পরিচালক মুফতি মাহমুদুল হক আজীজী, সোহাগী জামিয়া মাহমুদিয়া দারুস সালামের সহকারী পরিচালক মুফতি নাইমুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি আহসানুল্লাহ কাসেমী, শিক্ষক উদয় সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আহ্বায়ক চন্দন রঞ্জন সরকার, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শরীফ উদ্দিন এবং কালিবাড়ী শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরের পুরোহিত ডালিম চক্রবর্তী।
সংলাপে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, পেশাজীবী, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সংলাপ শেষে সবাই শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার করেন।



