এক ম্যাচেই মেসির নামে গিনেস বুকে চার বিশ্বরেকর্ড


ক্যারিয়ারের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপে লিওনেল মেসি হাজির হয়েছেন বিধ্বংসী চেহারায়। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর গতরাতে (২২ জুন) মেসি জাদুতে নাকাল হলো অস্ট্রিয়া। জোড়া গোল করে দলকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২–এ তোলার পাশাপাশি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন এই ৩৮ বছর বয়সী মহাতারকা।
রোসারিওর সন্তান আবারও ইতিহাস ইতিহাস গড়লেন। গ্রুপ ‘জে’র ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে আরও চারটি বিশ্বরেকর্ড নিজের নামে লিখে নিলেন মেসি। এসব রেকর্ডকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।
বিশ্বকাপে সর্বাধিক গোল:
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকার শীর্ষে থাকা মিরোস্লাভ ক্লোসার সঙ্গী হয়েছিলেন মেসি। গতরাতে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এককভাবে রেকর্ডের মালিক বনে গেছেন এই ৩৮ বছর বয়সী।
অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১৮। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে উঠে আসেন।
এছাড়া তিনি ব্রাজিলের নারী ফুটবলের কিংবদন্তি মার্তার ১৭ গোলের রেকর্ডও ছাড়িয়ে যান। ফলে পুরুষ ও নারী দুই বিভাগ মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও এখন মেসি।
তবে মেসির রেকর্ড তাড়া করছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ইরাকের বিপক্ষে জোড়া গোল করে তিনি ১৬ গোলে পৌঁছে গেছেন, আর তার বয়স মাত্র ২৭। ভবিষ্যতে মেসির এই রেকর্ডের সবচেয়ে বড় হুমকি তিনিই।
বিশ্বকাপে সর্বাধিক জয়:
অস্ট্রিয়ার বিপক্ষে এই জয় ছিল মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের ১৮তম জয়। এর মাধ্যমে তিনি ক্লোসার ১৭ জয়ের রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড গড়লেন। বিশ্বকাপে মেসি সর্বোচ্চ তিনটি করে জয় পেয়েছেন মেক্সিকো ও নাইজেরিয়ার বিপক্ষে।
বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ:
এই রেকর্ডটি মেসি প্রথম ভেঙেছিলেন কাতার বিশ্বকাপের ফাইনালে। সে সময় তিনি ২৬তম ম্যাচ খেলে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসের রেকর্ড অতিক্রম করেন। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দুটি খেলে তার বিশ্বকাপ ম্যাচসংখ্যা এখন ২৮।
বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক খেলার সময় :
কাতার বিশ্বকাপের ফাইনালেই মেসি ইতালির কিংবদন্তি পাওলো মালদিনির ২,২১৭ মিনিটের রেকর্ড ভেঙেছিলেন। ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে প্রায় পুরো ম্যাচ খেলায় তার মাঠে থাকার মোঠ সময় বেড়ে দাঁড়িয়েছে ২,৪৮৯ মিনিটে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।
ষষ্ঠ বিশ্বকাপে এসে মেসি শুধু নিজেকে শিখরেই তুলছেন না, বরং এমন সব রেকর্ড গড়ছেন যেগুলো ভাঙতে ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।



