ফুটবল

আর্জেন্টিনায় উন্মোচন করা হলো মেসির সবচেয়ে বড় ভাস্কর্য

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে সম্মান জানাতে দেশটির নিউকুয়েন প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় মেসি ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী নিউকুয়েনের কাট্রাল কো শহরে স্থাপন করা এই ভাস্কর্যটি নির্মাণ করা হয় তার মাঠের অসাধারণ পারফরম্যান্স, অসংখ্য শিরোপা জয় এবং বিশ্ব ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাস্কর্যটির উচ্চতা ২৬ মিটার এবং ওজন প্রায় ৭০ টন। এর মাধ্যমে ভারতের আগে তৈরি ২১ মিটার উঁচু একটি মেসি ভাস্কর্যের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। কাট্রাল কো শহরের জাতীয় মহাসড়ক ২২ এবং ম্যানুয়েল সাভিও সড়কের সংযোগস্থলে এটি স্থাপন করা হয়।

নির্মাণে ইস্পাত কাঠামোর ওপর তিন স্তরের কংক্রিটের আবরণ ব্যবহার করা হয়েছে। ভাস্কর্যে মেসিকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরিহিত অবস্থায় দেখানো হয়েছে; সামনে রাখা হয়েছে বিশ্বকাপ ট্রফি এবং বুকে ফুটে উঠেছে তিনটি সোনালি তারা।

ভাস্কর্যটি নির্মাণ করেন ভাস্কর অ্যালদো বেরোইসা। স্থানীয় শ্রমিক ও বাসিন্দাদের সহযোগিতায় প্রায় এক বছর ধরে এটি তৈরি করা হয় বলে জানা গেছে। নির্মাণকারী জানান, শুরুতে প্রকল্পটি এত বড় আকারে করার পরিকল্পনা ছিল না; মেসির প্রকৃত উচ্চতা অনুযায়ী ছোট আকারের ভাস্কর্য তৈরির প্রস্তাব থাকলেও পরে তিনি বড় আকারের এই নকশা প্রস্তাব করেন এবং সেটিই বাস্তবায়িত হয়।

ভাস্কর্যটি উন্মোচনের সময় স্থানীয়রা জানান, এটি শুধু একজন ফুটবলারের অর্জনের প্রতীক নয়, বরং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে মেসির অবদানের একটি স্থায়ী স্মারক হিসেবে বিবেচিত হবে। এর আগেও গত বছর ভারতের কলকাতায় মেসির ২১ মিটার উঁচু একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল বলে উল্লেখ পাওয়া যায়, যদিও পরবর্তীতে সেটি সরিয়ে ফেলা হয়।

এই বিভাগের আরও সংবাদ