ফুটবল

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে: স্কালোনি

বিশ্বকাপে চালু হওয়া নতুন পানিবিরতি নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, ম্যাচের মাঝখানে নিয়মিত খেলা থামিয়ে দেওয়ায় ফুটবলের স্বাভাবিক গতি ও ছন্দ নষ্ট হচ্ছে, যা অনেক সময় তুলনামূলক দুর্বল দলগুলোর জন্য বাড়তি সুবিধা তৈরি করছে।

রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্কালোনি বলেন, ‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, বিশেষ করে গ্রুপ পর্বে। ইতিহাসও সেটাই বলে। এখন ৪৮ দলের নতুন আসরে প্রতিযোগিতা আরও কঠিন হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে গরম আবহাওয়া ও পানিবিরতির বিষয়টি।’

তিনি আরও বলেন, ‘ম্যাচ বারবার থেমে যাচ্ছে। এতে দুর্বল দলগুলো নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার সুযোগ পাচ্ছে। তারা নতুন করে পরিকল্পনা সাজাতে পারছে এবং নিজেদের অবস্থান গুছিয়ে নিতে পারছে। ম্যাচ যেন চার ভাগে বিভক্ত হয়ে গেছে’

খেলোয়াড়দের সুরক্ষার কথা বিবেচনা করে প্রতিটি অর্ধের মাঝামাঝি তিন মিনিটের পানিবিরতি বাধ্যতামূলক করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা। আবহাওয়া যেমনই হোক, প্রতিটি ম্যাচেই এই বিরতি দেওয়া হচ্ছে।

তবে স্কালোনির মতে, এই সিদ্ধান্ত ম্যাচকে অস্বাভাবিকভাবে খণ্ডিত করে ফেলছে।

তিনি বলেন,‘এখন ম্যাচ যেন চারটি আলাদা পর্বে বিভক্ত হয়ে গেছে। বিরতির সময় খেলোয়াড়দের সঙ্গে কথা বলার সুযোগও সীমিত। মধ্যবিরতিতে খেলোয়াড়দের মাঠে আসা-যাওয়ার সময় বাদ দিলে আমাদের হাতে মাত্র সাড়ে তিন মিনিটের মতো সময় থাকে।’

তার ভাষায়, ‘আমি যা পরিকল্পনা করি, তা অনেক সময় প্রথম ২২ বা ২৩ মিনিটের মধ্যেই বদলে যায়। মাঠে থাকা খেলোয়াড়দের পাশাপাশি বেঞ্চের বিকল্প নিয়েও ভাবতে হয়। আমরা সমাধান খুঁজে বের করার চেষ্টা করি, ঠিক যেমন সাধারণ মধ্যবিরতিতে করা হয়।’

তবে পরে নিজের মন্তব্য কিছুটা ব্যাখ্যা করে স্কালোনি বলেন, পানিবিরতি শুধু দুর্বল দলকেই সাহায্য করে না,‘হয়তো আমি ভুলভাবে বিষয়টি ব্যাখ্যা করেছি। এই বিরতি আক্রমণাত্মক দলগুলোকেও নিজেদের ভুল সংশোধনের সুযোগ দেয়। আসলে এই নতুন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেওয়াটাই এখন অদ্ভুত লাগছে।’

তিনি আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়তো স্বাভাবিক হয়ে যাবে, যেমন ফুটবলের অন্য অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু এখনো মনে হচ্ছে ম্যাচের ধারাবাহিকতা বারবার ভেঙে যাচ্ছে। আমরা পরিস্থিতি বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরিবর্তন আনার চেষ্টা করছি।’

এদিকে খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার উদ্দেশ্যে এই নিয়ম চালু করা হলেও কিছু স্টেডিয়ামে দর্শকদের একাংশ পানিবিরতির সময় অসন্তোষ প্রকাশ করছেন। বিশেষ করে যেসব অঞ্চলে আবহাওয়া তুলনামূলক সহনীয়, সেখানে অনেক সমর্থক মনে করছেন এই বিরতির প্রয়োজনীয়তা নেই।

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে সোমবার অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে অস্ট্রিয়াও প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন পয়েন্ট অর্জন করেছে। ফলে দুই দলের মধ্যকার লড়াইটি গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এমন পরিস্থিতিতে মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশ্বকাপের নতুন নিয়ম নিয়েও আলোচনা এখন ফুটবল অঙ্গনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

এই বিভাগের আরও সংবাদ