ফুটবল

প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ৩–০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে হাইতি। স্থানীয় সময় শুক্রবার দর্শকে পরিপূর্ণ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বড় ব্যবধানে হারের পর হতাশ হয়ে পড়েন দেশটির ফুটবলার ও সমর্থকেরা।

ম্যাচের শুরুতে হাইতি পাঁচজন রক্ষণভাগের খেলোয়াড় নিয়ে মাঠে নামে, যা দেখে বোঝা যায় শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে দলটি রক্ষণাত্মক কৌশল নিয়েই খেলতে চেয়েছিল। কিন্তু অফসাইড ফাঁদ তৈরির চেষ্টায় বারবার রক্ষণভাগে ফাঁকা জায়গা তৈরি হয়, যার সুযোগ নেয় ব্রাজিল।

ব্রাজিলের হয়ে মাতেউস কুনিয়া ২৩ ও 3৬ মিনিটে দুটি গোল করেন। আর প্রথমার্ধের যোগ করা সময়ে জাল কাঁপান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এই তিন গোলেই নিশ্চিত হয় হাইতির বিদায়।

এর আগে ১৩ জুন স্কটল্যান্ডের কাছে ১–০ গোলে হেরেছিল হাইতি। সেই ম্যাচে দলটি ভালো খেললেও দুটি সম্ভাব্য পেনাল্টি না পাওয়ার অভিযোগ উঠেছিল। অনেক বিশ্লেষক ও সমর্থকের মতে, স্কটল্যান্ডের ডিফেন্ডার গ্রান্ট হ্যানলি দুবার ইচ্ছাকৃতভাবে হাতে বল স্পর্শ করলেও রেফারি কোনো সিদ্ধান্ত দেননি।

দুই ম্যাচে কোনো পয়েন্ট অর্জন করতে না পারায় গ্রুপের তলানিতে রয়েছে হাইতি। ফলে গাণিতিক হিসাবেও তাদের শেষ বত্রিশে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে।

ব্রাজিলের বিপক্ষে হারের পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন প্রধান কোচ সেবাস্তিয়েন মিঞে।

তিনি ম্যাচ শুরু করেন ৫–৪–১ ছকে, যেখানে দলের অন্যতম সেরা আক্রমণভাগের খেলোয়াড় উইলসন ইসিদরকে বেঞ্চে রাখা হয়। সমর্থকদের মতে, একমাত্র স্ট্রাইকার হিসেবে ফ্রানৎসদি পিয়েরোকে রাখা ছিল ভুল সিদ্ধান্ত, কারণ ব্রাজিলের মতো দলের বিপক্ষে একা আক্রমণ সামলানোর জন্য তার গতি যথেষ্ট ছিল না।

বিরতির পর ইসিদর মাঠে নামার পর হাইতির খেলার ধরন বদলে যায়। আক্রমণে দলকে অনেক বেশি প্রাণবন্ত দেখায়। অনেক সমর্থকের বিশ্বাস, শুরু থেকেই ইসিদর খেললে হয়তো ৩–০ গোলের হার এড়ানো সম্ভব হতো।

বিরতির সময় কোচ রক্ষণাত্মক মাঝমাঠের খেলোয়াড় দোমিনিক সিমোঁকেও মাঠে নামান। তার উপস্থিতিতে মাঝমাঠে ভারসাম্য ফিরে আসে এবং রক্ষণভাগও অনেক বেশি সংগঠিত হয়ে ওঠে।

সিমোঁ মাঝমাঠ থেকে আক্রমণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং রক্ষণেও প্রয়োজনীয় সহায়তা দেন। তার মাঠে থাকার সময় দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হজম করেনি হাইতি।

সমর্থকদের মতে, সিমোঁর পাশাপাশি প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড লেনি জোসেফকেও শুরু থেকেই খেলানো উচিত ছিল। তিনি ৭২ মিনিটে বদলি হিসেবে নেমে আক্রমণে নতুন গতি এনে দেন।

হাইতির ফুটবল সমর্থকদের অভিযোগ, বড় টুর্নামেন্টে কোচদের ভুল সিদ্ধান্ত নতুন কিছু নয়। ২০২৩ সালে নারী বিশ্বকাপেও তৎকালীন কোচ নিকোলা দেলেপিনের কৌশল নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। সেই আসরে একটি গোলও করতে পারেনি হাইতির নারী দল এবং গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হেরে বিদায় নেয়।

এবারও সমর্থকেরা চান না ইতিহাসের পুনরাবৃত্তি হোক। তারা অন্তত বিশ্বকাপে একটি গোল কিংবা একটি জয় দেখতে চান।

বিশ্বকাপে হাইতির শেষ ম্যাচ ২৪ জুন মরক্কোর বিপক্ষে। সেই ম্যাচে জয় পেলেও শেষ বত্রিশে ওঠা সম্ভব হবে না। তবে জয় পেলে নতুন ইতিহাস গড়বে হাইতি, কারণ বিশ্বকাপের মঞ্চে এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি দেশটি। তাই মরক্কোর বিপক্ষে ম্যাচটি তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতা নয়, বরং ইতিহাস গড়ার শেষ সুযোগ।

এই বিভাগের আরও সংবাদ