দুর্গাপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত


জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী): স্থানীয় উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর চিন্তাধারাকে উৎসাহিত করতে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দুই দিনব্যাপী “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং দুর্গাপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে ১৭ ও ১৮ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-১) মোঃ মাহমুদ আল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনার সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআরের আইজিসিআরটি-এর সাইন্টিফিক অফিসার তানভীর আহমেদ, আইএনএআরএস-এর সাইন্টিফিক অফিসার মোঃ আল আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাগর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বাবুল হোসেন, ইউডিএফ এমএ মতিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রদর্শনীতে উপজেলার ৮টি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এরমধ্যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল, দুইটি কলেজ এবং ৪টি স্কুল অংশগ্রহণ করেন দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ আধুনিক সবজি চাষ পদ্ধতি, দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিবেশবান্ধব ও টেকসই শহর গঠনের পরিকল্পনা, সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় সবুজ ঘরের মাধ্যমে বছরব্যাপী সবজি উৎপাদন, বেলঘড়িয়া উচ্চ বিদ্যালয় বিশুদ্ধ পানি সরবরাহ ও মোবাইল আসক্তি প্রতিরোধ, তেবিলা উচ্চ বিদ্যালয় স্বনির্ভর মডেল গ্রাম, হাট কানপাড়া উচ্চ বিদ্যালয় বিদ্যুৎ সাশ্রয় ও স্মার্ট ভিলেজ, আমগ্রাম উচ্চ বিদ্যালয় পানির প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন, দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় রোবট প্রযুক্তির মাধ্যমে দুর্যোগ ও যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার ধারণা, পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বায়ু পরিশোধন ও বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এবং দুর্গাপুর কলেজ সেন্সরনির্ভর স্মার্ট সেচ ব্যবস্থা প্রদর্শন করে।
উদ্ভাবনী প্রকল্পগুলোর মূল্যায়ন শেষে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে দুর্গাপুর কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ। বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ মাহমুদ আল হাসান বলেন, স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তিকে আরও বেশি উৎসাহিত করতে হবে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রসার ঘটাতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের বিভিন্ন বৃত্তি ও অনুদান কর্মসূচির সুযোগ গ্রহণ করতে পারবেন।
তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে দুর্গাপুর উপজেলার যুগিশো উচ্চ বিদ্যালয়, পাঁচুবাড়ি উচ্চ বিদ্যালয়, নওপাড়া উচ্চ বিদ্যালয় ও কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৭০ হাজার টাকা করে অনুদান পেয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা বলেন, “স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান খুঁজে বের করতে উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্ভাবক ও প্রযুক্তিনেতা।”
সেমিনারে বক্তারা বলেন, স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলে কৃষি, শিল্প ও দৈনন্দিন জীবনে উৎপাদনশীলতা বাড়বে, ব্যয় কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রযুক্তির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর।
প্রদর্শনী ঘুরে দেখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, সরকারি কর্মকর্তা ও সাধারণ দর্শনার্থীরা। স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও গবেষণালব্ধ উদ্ভাবনের নমুনা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
আয়োজকরা জানান, উদ্ভাবনী প্রযুক্তির প্রসার, বিজ্ঞানমনস্ক সমাজ গঠন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



