ময়মনসিংহ

দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের কাপলিং ভেঙে ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মশাখালী এলাকায় এ ঘটনা ঘটে। এতে সাময়িকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের ভুয়াপুরের উদ্দেশে যাচ্ছিল। মশাখালী এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ট্রেনটির ইঞ্জিনের কাপলিং ভেঙে যায়। এতে ইঞ্জিনটি বগি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

আব্দুল্লাহ আল হারুন আরও বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়। উদ্ধারকাজ শেষে প্রায় দেড় ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে নেয়া সম্ভব হয় এবং ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ