শেরপুর

মেসির স্বপ্নে শেরপুরে নীল-সাদা উচ্ছ্বাস, আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল

আরফান, শেরপুর: শেরপুরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মহামিলনমেলা ও বর্ণাঢ্য আনন্দ মিছিল। রবিবার (১৪ জুন) বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠে সমর্থকদের মিলনমেলা শেষে শহরজুড়ে আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আর্জেন্টিনা দলের জার্সি পরিহিত সমর্থকেরা হাতে জাতীয় পতাকা ও দলের পতাকা নিয়ে ভুভুজেলা, বাঁশি ও বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। নীল-সাদা রঙে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

র‌্যালিটি শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে পটকা ফাটিয়ে এবং বিভিন্ন স্লোগানে মুখর পরিবেশে সমর্থকেরা তাদের আনন্দ-উল্লাস প্রকাশ করেন। পরে মহামিলনমেলা ও আনন্দ মিছিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আর্জেন্টিনা ফুটবল ফ্যানসের অন্যতম সংগঠক সাংবাদিক মো. মেরাজ উদ্দিন বলেন, “আমরা আশাবাদী, এবারও আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো ফিফা বিশ্বকাপ জিতবে। এটি হয়তো লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। তাই দলের সাফল্য কামনায় এই মহামিলনমেলা ও আনন্দ র‌্যালির আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ফুটবলকে ঘিরে শেরপুরে একটি বৃহৎ আর্জেন্টিনা পরিবার গড়ে তোলার চেষ্টা করছি। খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

আর্জেন্টিনা সমর্থকদের এ ব্যতিক্রমী আয়োজন দেখতে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সড়কের পাশে ভিড় করেন। সমর্থকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই বিভাগের আরও সংবাদ