নওগাঁ

মহাদেবপুর ও বদলগাছীতে এক হাজার অসহায় মানুষের মাঝে অর্থ বিতরণ

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় প্রায় এক হাজার দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ শুভেচ্ছা অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ৯ জুন) মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচির আওতায় দুই উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক কর্মসূচির একটি অংশ বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় অতিথিরা উপকারভোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

ঈদ শুভেচ্ছা অর্থ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজকরা জানান, ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ