তিন বছর ধরে ঘরে অবরুদ্ধ বৃদ্ধ বাবাকে যেতে দিল না মায়ের জানাজায়


সরকার অরুণ যদুঃ রাজারহাট ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে তিন বছর ধরে বৃদ্ধ বাবাকে ঘরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, মায়ের মৃত্যুর পর নিজেও যাননি, তার বাবাকে জানাজা ও দাফনে অংশ গ্রহণ করতে দেননি তার ছেলে। শেষে পুলিশি হস্তক্ষেপে স্ত্রী মাহমুদা বেগমের কবর জিয়ারত করেছেন বৃদ্ধ আব্দুল জলিল।
হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে বৃহঃবার (৪ জুন) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়,গ্রামের বাসিন্দা আব্দুল জলিল (৭৫) ও মাহমুদা বেগম (৬৫) দম্পতির তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে আব্দুল মোন্নাফ (৪৫) কৃষিকাজ করেন এবং ছোট ছেলে মোস্তফা (৩৫) বরগুনা জেলায় শিক্ষকতা করেন।
পরিবারের সদস্যদের অভিযোগ,ছোট ছেলে কর্মস্থলে থাকার সুযোগে বড় ছেলে আব্দুল মোন্নাফ তার বাবাকে জিম্মি করে প্রায় ১৪ একর জমি নিজের নামে কবলা করে নেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বৃদ্ধ আব্দুল জলিলকে ঘরে অবরুদ্ধ করে রাখেন।
এদিকে অসুস্থ হয়ে পড়লে মাহমুদা বেগমের চিকিৎসার দায়িত্ব নেন তার মেয়েরা। বড় মেয়ে পারভিনা বেগম রমজানের পর তাকে রংপুরে হাসপাতালে ভর্তি করান। পরে দ্বিতীয় মেয়ে রনজিনা বেগম মাকে নিজ বাড়ি, একই ইউনিয়নের জয়দেব হায়াত গ্রামে নিয়ে যান। অবস্থার অবনতি হলে গত ৩১ মে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বাড়িতে নেওয়ার পরামর্শ দিলে তাকে মেয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গত ৩ জুন রাতে তিনি মারা যান।
পরদিন বৃহস্পতিবার (৪ জুন) সকালে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফনের উদ্যোগ নেওয়া হলে বড় ছেলে আব্দুল মোন্নাফ বাধা দেন বলে অভিযোগ করেন স্বজনরা। একই সঙ্গে তিনি বৃদ্ধ বাবা আব্দুল জলিলকে ঘরে তালাবদ্ধ করে রেখে স্ত্রীর জানাজা ও দাফনে অংশ নিতে দেননি বলেও অভিযোগ ওঠে।
পরে খবর পেয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কফিল উদ্দিন ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, স্থানীয় কলেজের অধ্যক্ষ, ইউপি সদস্য মোস্তফা মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে ওসি মামুনুর রশীদের উদ্যোগে উপস্থিত সবার সঙ্গে আলোচনা করে দীর্ঘদিন ধরে ঘরে অবরুদ্ধ থাকা আব্দুল জলিলকে বের করে আনা হয়। দাফনের প্রায় চার ঘণ্টা পর তিনি ও তার ছেলে মাহমুদা বেগমের কবর জিয়ারত করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা বৃদ্ধ দম্পতির প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে পুলিশের হস্তক্ষেপ এবং ওসি মামুনুর রশীদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।
তবে জমি-সংক্রান্ত বিরোধ এবং বৃদ্ধকে অবরুদ্ধ করে রাখার অভিযোগের বিষয়ে আগামী ৭ জুন থানায় উভয় পক্ষের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।
এবিষয়ে আব্দুল মোন্নাফ বলেন, তার মা মারা যাওয়ার পর রাত থেকেই তার বোন-ভগ্নিপতি এবং এলাকার কিছু লোকজন লাশ দাফনের পর তার বাড়িতে হামলা চালাবে বলে প্রচার করে। একারণে তিনি এবং তার বাবা জানাজায় অংশ গ্রহণ করেননি।
রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



