শেরপুর

ঈদকে ঘিরে মানবিক উদ্যোগ: হতদরিদ্রদের পাশে রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন

আরফান আলী: শেরপুরে সামাজিক ও মানবিক সংগঠন রূপসী শেরপুর-এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেল ৪টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার হতদরিদ্র পরিবারের মাঝে এসব ঈদ উপহার প্রদান করা হয়। ঈদ উপহার হিসেবে শাড়ী লুঙ্গি সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে সহায়তা করবে।

রূপসী শেরপুরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাদিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও কলামিস্ট কাকন রেজা। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। মানবিক কর্মকাণ্ডে রূপসী শেরপুরের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং সমাজের জন্য অনুকরণীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সমাজসেবক আউয়াল চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, সাংবাদিক সুলতান আহমেদ ময়না, রূপসী শেরপুরের সভাপতি রুবেল মৃধা, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ সাংবাদিক শরিফ উদ্দিন বাবু, সহ-সভাপতি আবু সাইদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, অর্থ সম্পাদক শাহরিয়ার হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় অতিথিরা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এ ধরনের কার্যক্রম সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা সুবিধাভোগী পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন। উপহার পেয়ে উপকারভোগীরা রূপসী শেরপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ