কুষ্টিয়া

জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ায় আলোচনা সভা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। নানা আয়োজনের মধ্যে দিয়ে দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুলের জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মো: তৌহিদ বিন-হাসান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মিজানুর রহমান এর সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার), জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

এছাড়া জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমির উর্দ্ধতন কর্মকর্তাসহ সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম আজও বাঙালির চেতনার অন্যতম প্রেরণার উৎস। তাঁর সাহিত্য, গান ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। এতে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই বিভাগের আরও সংবাদ