ক্যাম্পাস

নোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য ঢাবির অধ্যাপক ড. গোলাম রব্বানী

হিমেল রানা,নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের (আইএসডব্লিউআর) অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) ড. গোলাম রব্বানীকে নোবিপ্রবির উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. গোলাম রব্বানীকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্ত প্রযোজ্য হবে।

উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে এর মধ্যে সরকারি চাকরির অবসরের বয়স পূর্ণ হলে সেই তারিখ পর্যন্তই তিনি দায়িত্ব পালন করবেন। তিনি তাঁর বর্তমান পদের (ঢাবির অধ্যাপক) সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবেন।

শুভেচ্ছা বিনিময় করে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নোবিপ্রবির শিক্ষার্থী এবং অবকাঠামোগত উন্নয়নে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে যাবো। আমি জয়েনিং লেটার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। অতি শীগ্রই বিশ্ববিদ্যালয়ে জয়েন করবো।

উল্লেখ্য, এর আগে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের আরও সংবাদ