শিলাইদহ কুঠিবাড়িতে গ্রামীণ মেলার অনুমতি না থাকায় ক্ষোভে ফিরলেন ব্যবসায়ীরা


কুষ্টিয়া প্রতিনিধি: ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষ্যে কুষ্টিয়া কুমারখালি উপজেলার শিলাইদহে কুঠিবাড়ির আঙিনায় উৎসব লেগেই থাকতো। এ বছরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীতে নেই গ্রামীণ মেলা। শনিবার (৯ মে) অনুষ্ঠানের ২য় দিন কুঠিবাড়ির চিত্র ছিলো ভিন্ন।
এব্যাপারে খোঁজ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, প্রতিবছর এই উৎসবকে ঘিরে কুঠিবাড়ির আমবাগানে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা বসলেও, এবার দীর্ঘদিনের সেই প্রথা ভেঙে মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন। তবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কুঠিবাড়িতে তিন দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকলেও মেলার কেন এই ‘নিষেধাজ্ঞা’, তা নিয়ে রবীন্দ্রভক্ত ও স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এদিকে সরেজমিন দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের পসরা গুছিয়ে নিচ্ছেন। কারও চোখে জল, কারও মুখে তীব্র আক্ষেপ। প্রায় ২০ বছর ধরে এই মেলায় আসা মাদারীপুরের আনোয়ার হোসেন বলেন, ‘আমরা গরিব মানুষ, টাকা-পয়সা খরচ করে দূর থেকে আসছি। এসে শুনলাম মেলার অনুমতি নেই। সবাই ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে যাচ্ছি, সামনের বছর আর আসা হবে না। ব্যবসায়ীদের কণ্ঠে একই সুর, কুঠিবাড়ি মেলার যে ঐতিহ্য ছিল, তা এবারই যেন হারিয়ে গেল।
এদিকে গ্রামীণ মেলার বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যে প্রস্তুতি সভা হয়েছিলো, সে সভায় গ্রামীণ মেলার অনুমতি না হওয়ায় বন্ধ রয়েছে মেলা।



