অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অনুপস্থিত নোবিপ্রবি: তহবিল সংকট নয় বলছে প্রশাসন


মোঃহিমেল রানা,নোবিপ্রবি প্রতিনিধি: কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আয়োজিত চলমান আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) অ্যাথলেটিক দল। বিশ্ববিদ্যালয় পর্যায়ের অন্যতম বড় এই প্রতিযোগিতায় দলটির অনুপস্থিতির পেছনে তহবিল সংকটকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে প্রশাসনিক সূত্র থেকে জানা যায়, তহবিল সংকট নয়! জনবল পাঠানোর মত অবস্থান না থাকায় অংশগ্রহণ করেনি নোবিপ্রবি।
চলমান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত ৪-৬ মে ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।যেখানে দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিকস এবং বাস্কেটবল দল অংশ নিয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় মোট ৩০টি ইভেন্ট থাকছে যা শেষ হবে ৬ মে।
কিন্তু এ প্রতিযোগিতায় অংশ নেয়নি নোবিপ্রবি। এতে করে হতাশায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াপ্রেমীরা, বিশেষ করে অ্যাথলেটিক্সে নিয়মিত অংশ নেওয়া শিক্ষার্থীরা।
এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “অ্যাথলেটিক্স নিয়ে আমার আগ্রহ কলেজ জীবন থেকেই। আন্তঃকলেজ প্রতিযোগিতায় ১৫০০ মিটার স্প্রিন্টে ১২৮টি কলেজের মধ্যে স্থান পেয়েছিলাম। বিশ্ববিদ্যালয়েও আন্তঃবিভাগ প্রতিযোগিতায় নিয়মিত ভালো করেছি। কিন্তু আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি পদক জেতা সব অ্যাথলেটের স্বপ্ন হলেও, আমাদের বিশ্ববিদ্যালয় তহবিলের অভাবে অংশগ্রহণই করে না এর চেয়ে কষ্টের আর কী হতে পারে?”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার অবকাঠামোও অত্যন্ত দুর্বল। “২০ বছর পার হলেও এখানে কোনো জিমনেসিয়াম নেই, নেই একটি ইনডোর স্টেডিয়ামও। প্রশাসনগুলো এ খাতে কখনোই যথাযথ গুরুত্ব দেয়নি,” যোগ করেন তিনি।
নোবিপ্রবির শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক নাজমুন নাহার বিউটি বলেন, ” আমরা ৪টি ইভেন্টের জন্য আবেদন করেছিলাম। সেখানে প্রশাসন থেকে ৩টির অনুমোদন দেওয়া হয়। প্রশাসনের অনুমোদন এবং বাজেট না থাকায় আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি।
নোবিপ্রবির শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক সঞ্জিব কুমার দে বলেন, ” আন্তবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার ব্যাপারে খুব অল্প সময়ের মধ্যে আমাদের জানানো হয়। বিশ্ববিদ্যালয়ে অন্য খেলাই চলছে, একারনে পর্যাপ্ত সময় না থাকায় আমরা অনুশীলন করাতে পারিনি। তাই এবারের আন্তবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করতে পারিনি”।
এ ব্যাপারে জানতে চাইলে নোবিপ্রবির শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক ড. রুহুল কবিরকে একাধিকবার ফোন করলেও সাড়া মেলেনি এবং তাকে অফিস কক্ষেও পাওয়া যায়নি।
নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ বলেন, ” আমি বাজেটের ফাইল উপাচার্যকে ফরওয়ার্ড করেছি। বাকিটা স্যারই জানবেন “।
তহবিল সংকটের ব্যাপারে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন , “বাজেট নেই ,এটা ভুল কথা। সামনে ঢাবি সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ব্যাডমিন্টন ,ফুটবল, ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেখানে আমরা অংশগ্রহণের জন্য অনেক টাকার বাজেট অনুমোদন করেছি। ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে , আপাতত তাদের জনবল পাঠানোর মত অবস্থান নেই। একারনে আন্তবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারেনি “।



