আইন ও আদালত

হত্যা মামলায় ডিজিএফআইয়ের ‎আফজাল নাছের ফের রিমান্ডে

জুলাই আন্দোলনে ঢাকার উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লে. কর্নেল (অব.) আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

‎আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দিয়েছেন।

‎‎২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন আফজাল নাছের। ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে গত ২৯ মার্চ গভীর রাতে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

‎‎পরের দিন জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন হত্যা মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় তার চার দফায় ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৭ ও ২০ এপ্রিল দেলোয়ার হত্যা মামলায় তিন দিন করে এবং ২৩ এপ্রিল মাহমুদুল হত্যা মামলায় চার দিন এবং ২৭ এপ্রিল একই মামলায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

‎‎ওই রিমান্ড শেষে এদিন পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই মোহাম্মদ আশরাফুল আলম।

‎‎মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ অগাস্ট উত্তরা পূর্ব থানার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেনমাহমুদুল হাসান। বিকেল ৪টার সময় উত্তরা পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে আন্দোলনকারীরা পৌঁছালে আসামিরা বেআইনিভাবে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর গুলি বর্ষণ করেন। আসামিদের ছোড়া গুলি মাহমুদুল হাসানের শরীরে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎‎এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা হয়।

এই বিভাগের আরও সংবাদ