জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক চুরি: আতঙ্কে শিক্ষার্থীরা


জবি প্রতিনিধি, রাফীদ আদ দ্বীন রাঈম: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত কয়েকদিন ধরে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। সিসিটিভি ফুটেজে চুরির একাধিক ঘটনা ধরা পড়লেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন—এমন অভিযোগ শিক্ষার্থীদের।
গত ৯ এপ্রিল ক্যাম্পাসের রফিক ভবনের নিচতলায় ঘটে এক চুরির ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেঞ্চে বসে থাকা কয়েকজন শিক্ষার্থীর পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাদের পেছনে রাখা একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
এর কয়েকদিন পর কলা ভবন-২ এর সামনে থেকে আরেক শিক্ষার্থীর সাইকেল চুরির ঘটনাও ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। একই সময়ে ক্যাম্পাসের গ্যারেজে রাখা একটি মোটরসাইকেল থেকে তেল চুরির অভিযোগও উঠে এসেছে।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী দ্বীপ ঘোষ জানান, “আজ সকাল সাড়ে ৯টার দিকে কলা ভবন-২ এর সামনে আমার নতুন কেনা সাইকেলটি তালাবদ্ধ করে রেখে ক্লাসে যাই। পরে দুপুর ১২টার দিকে এসে দেখি সাইকেলটি নেই। বিষয়টি প্রক্টর স্যারকে জানালে সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন ব্যক্তি আমার সাইকেলটি চুরি করে নিয়ে গেছে। ক্লাস চলাকালীন সময়ে এ ধরনের ঘটনা অত্যন্ত হতাশাজনক। দ্রুত তদন্ত করে চোরকে শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
একের পর এক চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা বাড়াচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আগামী রবিবার এই বিষয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেয়া হবে।”
তবে প্রাথমিক ভাবে শিক্ষার্থীদের আইডিকার্ড বাধ্যতামূলক প্রদর্শন করতে হবে ক্যাম্পাসে এমন নিয়ম চালু হতে পারে বলে জানান তিনি।
শিক্ষার্থীরা দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সিসিটিভি মনিটরিং বাড়ানো এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


