রাজশাহী

দুর্গাপুরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ভ্রাম্যমান আদালতের অভিযান

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলিপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ও অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।

শনিবার (০৪ এপ্রিল) ভোররাত থেকেই লিটারপ্রতি ২০০ টাকা দরে তেল বিক্রির অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে সকাল ৮টার দিকে উপজেলার আলিপুর বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানকালে একটি দোকানে প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে প্রশাসনের তত্ত্বাবধানে সেই তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়, এতে ভোগান্তিতে থাকা ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে আসে।

এ সময় অতিরিক্ত মূল্যে তেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও একটি মামলা দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলা নূর তানজু জানান, ভিডিওসহ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে তেল মজুদের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে উপস্থিত ক্রেতাদের অতিরিক্ত তেল মজুদ না করার জন্য সতর্ক করা হয় এবং নাগরিক দায়িত্ব পালনে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য কারসাজি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ