কুষ্টিয়া

প্রকল্প বাস্তবায়নে অনিয়ম বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী।

শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের করিমপুর গ্রামে প্রকল্পটি পরিদর্শন করা হয়। প্রায় ৮ কিলোমিটার প্রকল্পে খাল খননের জন্য আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনায়েত উল্লাহ, জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়নে খাল খনন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। দীর্ঘদিন অবহেলিত খালগুলো পুনঃখননের মাধ্যমে আমরা জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক পানি প্রবাহ নিশ্চিত করতে কাজ করছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে সারাদেশে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং শুকনো মৌসুমে সেচ সুবিধা বাড়বে, যা কৃষকদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এই উদ্যোগ সফল করতে হবে।

তিনি আরো বলেন, সরকারের পরিকল্পিত পানি ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় খাল, নদী ও জলাশয় পুনঃখননের কাজ অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশের উন্নয়ন সাধিত হবে। তবে খালগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এছাড়া জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “খাল খনন ও পুনঃখনন কার্যক্রম এ অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নত হবে।

এসময় জেলা বিএনপির পক্ষে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, খাল খনন কার্যক্রম একটি সময়োপযোগী উদ্যোগ। সঠিকভাবে বাস্তবায়ন করা হলে এটি এলাকার জলাবদ্ধতা দূর করবে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এ ধরনের প্রকল্পে জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে যেন কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না হয়, সে বিষয়টি কঠোরভাবে নজরদারি করতে হবে। জনগণের টাকায় বাস্তবায়িত প্রতিটি প্রকল্পের সুফল যেন সাধারণ মানুষ পায়, সেটিই আমাদের প্রত্যাশা। আগামী দিনে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে রুপান্তরিত হবে ইনশাল্লাহ।

এছাড়া নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, ৮ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে। একই সঙ্গে কৃষকরা অধিক ফসল উৎপাদনে সক্ষম হবেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যে দ্রুত কার্যক্রম শুরু করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী খাল খনন প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় কৃষিকাজে সমস্যা দেখা দিচ্ছিল। খাল পুনঃখনন হলে এলাকার কৃষি ও পরিবেশের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ