রাজশাহী

বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ব্যবসায়ীকে জরিমানা

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে পেট্রল ও ডিজেল মজুত করার অভিযোগে এক মুদিদোকানিকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তার দোকান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়।

মঙ্গলবার ভোরে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি এলাকার ময়েজ উদ্দিন মার্কেটের একটি মুদিদোকানে অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দোকানের পেছনে জারকিন ও ব্যারেলের মধ্যে লুকিয়ে রাখা পেট্রল ও ডিজেল উদ্ধার করা হয়।

আটক ব্যবসায়ী আবদুস সাত্তার (৪৫) উপজেলার ঝিকড়া গ্রামের মৃত কেফাতুল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জ এলাকায় ব্যবসা করে আসছিলেন।

পুলিশ জানায়, দোকানের ভেতরে গোপন স্থানে রাখা বিভিন্ন জারকিন ও ব্যারেল খুলে দেখা হলে সেখানে ৪০০ লিটার পেট্রল ও ১০০ লিটার ডিজেল পাওয়া যায়। জব্দকৃত মোট জ্বালানি তেলের পরিমাণ প্রায় ৬৫০ লিটার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুস সাত্তার স্বীকার করেন, তিনি বেশি দামে বিক্রির জন্য এসব জ্বালানি মজুত করেছিলেন এবং সুযোগ পেলেই ২৫০ থেকে ৩০০ টাকা লিটার দরে বিক্রি করতেন। পরে সকাল ১১টার দিকে আটক ব্যবসায়ীকে জব্দকৃত তেলসহ তার দোকানে হাজির করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা। ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় আবদুস সাত্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে জব্দ করা জ্বালানি তেল খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ