সাতক্ষীরা

সাতক্ষীরায় জ্বালানি তেলের তীব্র সংকট

খুলনা ব্যুরো : সাতক্ষীরা জেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গত দুইদিন ধরে জেলার বিভিন্ন পেট্রোল পাম্প থেকে তেল না পাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

অভিযোগ উঠেছে, কিছু অসাধু পাম্প মালিক ও কর্মচারীরা রাতের আঁধারে গোপনে অতিরিক্ত দামে তেল বাইরে বিক্রি করছেন। ড্রামে ভরে ভ্যানে করে এসব তেল পাচার করা হচ্ছে। ফলে জ্বালানি তেলের সংকট ও অবৈধ বিক্রির কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার কোন পাম্পে তেল পাওয়া না গেলেও বাইরের দোকানে অনেক সময় তেল পাওয়া যাচ্ছে। এসব তেল গোপনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে প্রতি লিটার পেট্রোল ২০০ এবং অকটেন ২২০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ অবস্থায় সাধারণ ক্রেতারা পাম্পে তেল না পেয়ে অনেকে চড়া দাম দিয়ে বাইরের দোকান থেকে তেল কিনতে বাধ্য হচ্ছেন।

এছাড়া অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে অল্প সংখ্যক গ্রাহকদেরকে সামান্য তেল দিয়ে বাকিটা মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, যাতে পরে উচ্চ মূল্যে বিক্রি করা যায়। পরে গভীর রাতে সেই তেল ড্রামে ভরে ভ্যান করে পাচার করা হচ্ছে, যা সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি দামে কিনছেন খুচরা দোকানীরা। পরে সেই তেল এক লিটারের বোতলে ভরে প্রায় দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে গ্রাহকদের কাছে, যা সাধারণ গ্রাহকদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার জানান, জ্বালানী তেল নিয়ে যে কোন ধরনের অনিয়ম দূর করতে আমার ভিজিলেন্স টিম সব সময় মাঠে কাজ করছে। সুনির্দিষ্ট কোন অভিযোগ পেলে সাথে সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলায় জ্বালানী তেলের সংকট সমাধানে কালো বাজারে বিক্রি বন্ধে সোমবার থেকে অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ