সাতক্ষীরা
সুপেয় পানির দাবিতে উপকূলবাসীর ব্যতিক্রমী মানববন্ধন


খুলনা ব্যুরো : সুপেয় পানির সংকট নিরসন ও পানি বাণিজ্য বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে ব্যতিক্রমী কলসবন্ধন( কলস নিয়ে মানববন্ধন) কর্মসূচি পালন করেছেন উপকূলীয় বাসিন্দারা।
বিশ্ব পানি দিবস উপলক্ষে “পানি ও লিঙ্গ সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২২ মার্চ) বেলা ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও সিডো সাতক্ষীরা-এর সহযোগিতায় উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টীম এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে স্থানীয় শতাধিক নারী ও যুব-তরুণী খালি পানির কলস হাতে নদীর তীরে অবস্থান নেন। এ সময় তারা “টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না”, “পানি বাণিজ্যিকরণ বন্ধ করো” এবং “আর কতকাল লবণ পানি খেতে হবে?”—এমন স্লোগানসংবলিত ব্যানার-ফেস্টুন প্রদর্শন করে তাদের দাবি তুলে ধরেন।



