চাঁপাইনবাবগঞ্জ

ঈদ উপলক্ষ্যে সোনামসজিদ স্থলবন্দর ১০ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিনের জন্য আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোহা. আরিফ উদ্দিন ইতির সই করা এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সিঅ্যান্ডএফএজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান।

চিঠিতে বলা হয়, আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি এবং সিঅ্যান্ডএফবিষয়ক সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে বন্দরের আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফকার্যক্রম পুনরায় যথারীতি চালু হবে।

জানা গেছে, ১০ দিনের এই বন্ধের মধ্যে শুক্রবারের সাপ্তাহিক ছুটিসহ সরকারি সব ছুটি অন্তর্ভুক্ত থাকবে। তবে এ সময়ের মধ্যে ঈদের দিনসহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত যাতায়াত স্বাভাবিক থাকবে।

সিঅ্যান্ডএফএজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এবং সিঅ্যান্ডএফএজেন্ট অ্যাসোসিয়েশনের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ