কুষ্টিয়া

কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের উত্তেজনা : ধাওয়া পাল্টা ধাওয়া

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া-৩ সদর আসনে নির্বাচনে পরাজয়ের পর বিএনপির সহযোগী সংগঠনের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি গ্রুপের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার পরাজিত হওয়ায় দলীয় নেতারা নিজ এলাকায় সন্তোষজনক ফলাফল না হওয়ায় এ নিয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্লাটফর্মে বিএনপির সহযোগী সংগঠনের দুই গ্রুপের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। এরপর কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-সম্পাদক আব্দুস সালামসহ তাদের নেতাকর্মীরা কুষ্টিয়া জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহবায়ক ইসমাইল হোসেন মুরাদ এর উপর আক্রমনাত্ত্বক ধাওয়া করে। এক পর্যায়ে পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে।

পরে জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন এর কর্মী সমর্থকেরা রাত সাড়ে ৯টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ধাওয়া করে।স্টেশনের প্লাটফর্মের উপরে চায়েরদোকানে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাংচুর করে। এরপর দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সংবাদ পেয়ে পুলিশ এসে দুই গ্রুপকে হুশিয়ারি দিয়ে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

স্থানীয়রা জানান ঘটনার সময় জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার অবস্থান করছিলো। তবে ঘটনার বিষয়ে জানতে জেলা বিএনপির হেভিওয়েট এই দুই নেতাকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা সেখানে কোন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা পাই নাই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ